নিউজ বাংলা ডেস্কঃ
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ২২ মিলিয়ন ডলার দান করেছে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা। এর আগে ক্রিপ্টোকারেন্সি চেয়ে সাহায্যের আবেদন জানিয়েছিল ইউক্রেনের কর্মকর্তারা। রাশিয়া হামলা চালানোর পরই টুইটারে ইউক্রেনীয় কর্মকর্তারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়ে বলেন, আপনার ক্রিপ্টো আমাদের কাছে পাঠান। এরপর দেশটির সরকারের বিভিন্ন একাউন্ট থেকে সাহায্য চেয়ে বারবার টুইট করা হয়। তারা বিটকয়েন, ইথার ও টিথারের মতো জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট এড্রেসও উল্লেখ করেন। সাধারণ পদ্ধতির তুলনায় ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার অনেক সহজ হওয়ায় সেই আবেদনে সাড়া পড়েছে অনেক। এ খবর দিয়েছে বোস্টনডটকম।
খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ২২ মিলিয়ন ডলারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি অনুদান হিসেবে পেয়েছে ইউক্রেন। হাজার হাজার একাউন্ট থেকে এই ডিজিটাল অর্থ পাঠানো হচ্ছে।এর আগে বিটকয়েনের দামের উপরে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ার খবর পাওয়া গিয়েছিল। রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধঘোষণার পরই বিটকয়েনের দাম কমে দাঁড়ায় ৩৫ হাজার ডলারে। দাম কমেছে ইথেরিয়ামসহ অন্য ক্রিপ্টোকারেন্সিগুলোরও।






