নিউজবাংলা ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল ফুটবল দল। তবে এই ম্যাচটিতে খেলতে পারবেন না দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। কুচকির ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে।

এই ইনজুরির কারণে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার না থাকাটা ব্রাজিল দলের জন্যও অনেক বড় এক ধাক্কা। তবে এটিকে বড় করে দেখে নিজেদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে রাজি নন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস।

ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের মতে, নেইমার না থাকলেও ব্রাজিল দলে ম্যাচ জেতানোর মতো যথেষ্ঠ শক্তি রয়েছে। যেমনটা দেখা গেছে, গত বছরের কোপা আমেরিকায়। তাই নেইমার না থাকাকে কোনো অজুহাত হিসেবে দেখাতে রাজি নন হেসুস।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে হেসুস বলেছেন, ‘ক্লাব এবং আমাদের জাতীয় দলের হয়ে নেইমারের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কথা বলি যে, সে দলকে যা দিয়েছে এবং প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমি তার বড় ভক্ত।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু যখন জাতীয় দলের প্রসঙ্গ আসে, তখন সবাইকে সমান দায়িত্ব ভাগ করে নিতে হয়। সবকিছু তার (নেইমার) ওপর ছেড়ে দেয়ার সুযোগ নেই। সবাই এখানে কোনো না কোনো কারণেই সুযোগ পেয়েছে।’

এসময় হেসুস জানান, নেইমারকে ছাড়াও জিততে পারে ব্রাজিল। যেমনটা আগেও দেখা গেছে, ‘নেইমার দলে থাকলে আমাদের জয়েরস সম্ভাবনা বেড়ে যায়। তবে সেলেসাওরা এটিও দেখিয়েছে যে, আমরা নেইমারকে ছাড়াও খেলতে পারি। আমরা সবসময় চাই নেইমার মাঠে থাকুক। যেহেতু সে সবসময়ই অবদান রাখে।’

‘কিন্তু এবার সে খেলতে পারবে না। এখন আমরা যেহেতু তার গুরুত্ব জানি, তাই দায়িত্বটা সবার ভাগ করে নিতে হবে। দলে যাদেরই নেয়া হয়েছে, তাদের সবারই ব্রাজিলকে জেতানোর যোগ্যতা রয়েছে। এমনকি তরুণ খেলোয়াড় হলেও, এখানে আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। এই জার্সি গায়ে জড়ানো সবসময়ের স্বপ্ন ছিল আমার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here