নিউজবাংলা ডেস্ক:
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া থেকে চুরি হওয়া ১৯ মাস বয়সী শিশু মো. সিফাত মোল্লাকে নোয়াখালীর সুবর্ণ চর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে তার বাবা-মায়ে কোলে তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানা পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেছ এলাকা থেকে শিশুটি উদ্ধার করে।
রাত ১০টায় চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল শিশুটিকে তার মা লাকী বেগম ও বাবা শিপন মোল্লার হাতে তুলে দেন।
মো. সিফাত মোল্লা ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের মোল্লাবাড়ির শিপন মোল্লার ছেলে।
এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের নুরনবীর ছেলে আনোয়ার (২৫), একই এলাকার আবদুস শহীদের ছেলে ফারুক (৩৫)।
শিশুর পরিবার জানায়, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রী ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় তাদের পাশের একটি ভাড়া বাসায় থাকত।
৬ সেপ্টেম্বর দুপুরের খাওয়ার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ফারুক ও তার স্ত্রী শিশু সিফাতকে চুরি করে পালিয়ে যায়।
এর পর শিশুকে হত্যার ভয় দেখিয়ে তারা বিকাশের মাধ্যমে তার বাবা-মায়ের কাছ থেকে দু’দফায় ছয় হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পুলিশ অভিযোগ পেয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে এবং দু’জনকে আটক করে।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চুরি হওয়া শিশুর বাবা বাদী হয়ে ৭ সেপ্টেম্বর আখাউড়া থানায় একটি অপহরণ মামলা করে। এই মামলার সূত্র ধরে শিশুটি উদ্ধারে অভিযানে নামে চর জব্বার থানা পুলিশ।
পরে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে তার মা-বাবার হাতে তুলে দেয়া হয়। আটকরা পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।






