পরিভাষা
ফারহানা নীলা

পুতুল নাচের মুদ্রা ঘুম কেড়ে নেয়
সন্ন্যাসীর ধ্যান ভাঙে নুপূরের শব্দে
হেরেমের দাস দাসী দেখেছিল আলতার রঙ।
রাজা যায়, রাজা আসে- তুরুপের তাসের মতন চালে বাজিমাৎ
ঘুটঘুটে আঁধারে কেউ সদর দরজা খোঁজে খণ্ডিত মস্তকে
বস্তাবন্দি জীবনের কাছে গচ্ছিত সময় নিয়ে পলাতক মন
তখন মূকাভিনয়ে পারদর্শী হতে থাকে – প্রাসাদের ছাদ চুঁইয়ে
ঝরে লাল যত।
মূকাভিনেতা সাজায় সর্বাঙ্গে দংশন
শরীরের বাঁকে ফণা তোলে নাগিনীর দল
হুট করে খোলে বন্ধ কপাট আচমকা প্রহরের মধ্যভাগে
খোলা চুলে আকাশের মতো একজন
জল সন্তরণে সন্তর্পণে নামে – একাকী চাঁদের সাথে
পিছু হাঁটে চাঁদ- কেউ হাঁটে চাঁদ নিয়ে চোখে
মূক বধির জীবন ; পরিভাষা লেখে।

ফারহানা নীলা
১৭/০৭/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here