এক মাঘী পূর্ণিমায়
নুরুল হক রনি

এক মাঘী পূর্ণিমায়
আকাশের দিকে তাকিয়ে সে কহিল,
“ঐ ছায়াপথের মতো সুন্দর মানুষের জীবন,
তবু একদিন সব ফুরিয়ে যায় ;
তোমায় বলে রাখি , আরেক জনমে জন্ম নিলে আবার ,
আমি লেসবিকা হবো। পুরুষ প্রেম জানে না। ” এই বলে
সে উলঙ্গ পায়ে সৈকত ধরেধরে হেঁটে গেল
সূর্যোদয়ের দিকে।
ভূমধ্যসাগরের পারে
এক সৈকতে অভয়ারণ্য — পাখিদের বাসা
তার পাশেই নগ্নবাদী আর সমকামীদের মেলা।
দেখি , জোড়ায় জোড়ায় হাতে হাত ধরে
ওরা হেঁটে যাচ্ছে দিগন্তের দিকে। সূর্য ওঠার
তখন‌ও অনেক বাকি। আমি আমার
প্রিয় মানুষটিকে খুঁজে আর
কোথাও পেলাম না।
তারপর আমি সাগর সৈকতে অনেকবার
গিয়েছি — দেখি ,
নোনা বালির উপর পড়ে আছে মাছের কঙ্কাল
সাগরের ঢেউ শূন্য বুকে মৃগী রোগীর
মতো আছড়ে পড়ছে সৈকতে — মুখে তার ফেনা …..

১১.০৮.২০২১ , মানতোভা, ইটালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here